মিরপুর টেস্টের প্রথম দিনে ঢাকায় এলেন পিসিবি প্রধান নাকভি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি আচমকা ঢাকা সফরে এসেছেন। শুক্রবার সকাল ৯টায় ঢাকায় নামেন তিনি। বিসিবির পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী মহসিন নাকভি থাকে বিমানবন্দরে স্বাগত জানান।
এই সফরে পিসিবি প্রধান ১০ থেকে ১২ জন কর্মকর্তার একটি প্রতিনিধি নিয়ে এসেছেন। বিসিবি সূত্রে জানা গেছে তার এই সফর পূর্ব নির্ধারিত নয়। তবে কী কারণে তিনি এবার ঢাকায় এসেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
নাকভি বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সঙ্গে দেখা করতে পারেন। নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। এই সফরে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও তার দেখা হতে পারে।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এটিই প্রথম দেখা। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে অবাক করে দিয়েছিল বাংলাদেশ। বর্তমান চক্রের প্রথম জয়ের লক্ষ্যে স্বাগতিকরা আবারও একটি শক্তিশালী সূচনা করতে মরিয়া হয়ে থাকবে।