পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

এক সময় পাকিস্তান মানেই ছিল দুনিয়া কাঁপানো পেসারদের সমাহার। বেশিরভাগ দলের বিপক্ষেই তাদের পেস আক্রমণ এগিয়ে থাকত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণ এতটাই উন্নতি করেছে যে সেই পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের টেস্ট অধিনায়কের মূল ভরসার জায়গাও তাসকিন আহমেদ, নাহিদ রানারা।

২০২৪ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে পেস দিয়েই তাদের ঘরের মাঠে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশের পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ আর শরিফুল ইসলাম মিলে নিয়েছিলেন ২১ উইকেট।


পাকিস্তানের চার পেসার শাহীন আফ্রিদি, মির হামজা, মোহাম্মদ আলি ও নাসিম শাহ মিলে নিয়েছিলেন ১০ উইকেট।

এরপরও বাংলাদেশের পেসাররা দেশে ও বিদেশে পেয়েছেন সাফল্য। এবার আরেকটি নতুন সিরিজের আগে বাংলাদেশ টেস্ট অধিনায়ক সোজাসাপটা নিজেদের এগিয়ে রাখছেন, 'পাকিস্তানের পেস বোলিং ঐতিহ্যগতভাবেই খুব শক্তিশালী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে গত কয়েক বছর ধরে আমাদের পেসাররা যেভাবে বোলিং করছে, তাতে আমি বলব আমাদের পেস অ্যাটাক হয়তো সামান্য এগিয়ে থাকবে।'

শান্ত মনে করেন দক্ষতায় উন্নতি ঘটানো পেসাররাই তাঁর ভরসা। ব্যাটাররা বোর্ডে যথেষ্ট রান এনে দিলেই বোলাররা ম্যাচ জেতাবেন, 'আমাদের পেস বোলাররা স্কিল অনুযায়ী অনেক উন্নত হয়েছে, যা আমাকে অধিনায়ক হিসেবে বাড়তি সুবিধা দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে চাই ব্যাটাররা যেন প্রথম ইনিংসে বড় রান সংগ্রহ করে এই চ্যালেঞ্জটি গ্রহণ করে। স্পিনার এবং পেসারদের সঠিক কম্বিনেশন আমাদের সফল হতে সাহায্য করবে।'

পেস বোলারদের মধ্যে সবচেয়ে বড় যে নাম, তিনি নাহিদ রানা। দুই দল মিলিয়েই সিরিজের সবচেয়ে গতিময় তারকা তিনি। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারা এই তরুণ সিরিজে সেরাটা দেবেন বলে আশা শান্তর, 'আমি রানাকে অনেক ছোটবেলা থেকেই চিনি এবং জানি সে কীভাবে নিজেকে প্রস্তুত করে। একজন অধিনায়কের জন্য দলে এমন একজন গতিশীল বোলার থাকা সবসময়ই বাড়তি পাওনা। সে বর্তমানে খুব ভালো ফর্মে আছে এবং আশা করি সিরিজে নিজের সেরাটা দেবে।'