শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ
১৫০ রানের বেশি লক্ষ্য তাড়ায় ব্যর্থতার গল্প যেন শেষই হচ্ছে না বাংলাদেশের জন্য। একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল সিলেটে, যেখানে আরেকটি ব্যর্থ রানতাড়ার ম্যাচ হার। ফলে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া করল স্বাগতিকরা।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান করে সফরকারীরা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
এর আগে একই ভেন্যুতে প্রথম ম্যাচেও ১৬২ রান তাড়া করতে গিয়ে ২৫ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচেই পরাজয়ে তিন ম্যাচের সিরিজ আগেই নিশ্চিত হয়ে গেছে সফরকারীদের পক্ষে। শনিবারের তৃতীয় ও শেষ ম্যাচটি তাই এখন কেবল আনুষ্ঠানিকতা।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। ওপেনাররা ইনিংসের ভিত গড়ার চেষ্টা করলেও প্রয়োজনীয় গতি আনতে পারেননি। শারমিন আক্তার ৪৭ বলে অপরাজিত ৪৪ রান করে ইনিংস আগলে রাখেন, জুরাইয়া ফেরদৌস করেন ২৩ বলে ২৯ এবং দিলারা আক্তার যোগ করেন ২৩ বলে ২৩ রান। কিন্তু পুরো ইনিংস জুড়ে রান তোলার গতি ছিল মন্থর, যা শেষ দিকে চাপ আরও বাড়িয়ে দেয়।
রানরেট যখন ক্রমেই বাড়ছিল, তখন মধ্যক্রমও গতি বাড়াতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন কভিশা দিলহারি, ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে ৪ উইকেটে ১৫৪ রান। ইনিংসের মূল চালিকাশক্তি ছিলেন হারশিথা সামারাবিক্রমা, যিনি ২৯ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। অধিনায়ক চামারি আত্তাপাত্তু ৩৭ বলে করেন ৪২ রান। এছাড়া ইমেশা দুলানি ২৭ এবং নিলাকশিকা সিলভা অপরাজিত ২২ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দেন।
বাংলাদেশের হয়ে বল হাতে একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার এবং রিতু মনি। তবে বোলারদের সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতায় আরেকটি ম্যাচ হাতছাড়া হলো স্বাগতিকদের।