সাঙ্গাকারা-মাহানামার হাতে শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব
শ্রীলঙ্কা ক্রিকেটে প্রশাসনিক অস্থিরতার পর শুরু হয়েছে নতুন অধ্যায়। আগের নেতৃত্ব পদত্যাগ করার মাত্র একদিন পরই গঠন করা হয়েছে নয় সদস্যের একটি অন্তর্বর্তীকালীন ট্রান্সফরমেশন কমিটি, যেখানে জায়গা পেয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, রোশান মহানামা এবং সাদিথ বিত্তেমিনি। এই কমিটিই আপাতত শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কার্যক্রম পরিচালনা করবে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট আনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে বৈঠকের পরই আগের বোর্ড সদস্যরা একযোগে পদত্যাগ করেন। এরপর দ্রুতই নতুন এই অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়, যার লক্ষ্য শ্রীলঙ্কা ক্রিকেটে প্রশাসনিক সংস্কার আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করা।
এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী ও ব্যবসায়ী ইরান বিক্রমারাত্নেকে। দায়িত্ব গ্রহণ করে তিনি জানিয়েছেন, তাদের প্রধান লক্ষ্য হবে এসএলসির প্রশাসনিক কাঠামোকে পুরোপুরি পুনর্গঠন করা। একই সঙ্গে একটি নতুন সংবিধান প্রণয়নের কাজও হাতে নেওয়া হবে, যাতে ভবিষ্যতে সংগঠনটি আরও দক্ষ ও স্বচ্ছভাবে পরিচালিত হতে পারে।
সাবেক অধিনায়ক সাঙ্গাকারা, যিনি ২০১৯-২০ মৌসুমে এমএসসির সভাপতি ছিলেন, বর্তমানে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব নতুন কমিটিকে শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, মহানামাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রশাসনিক ভূমিকায় দীর্ঘদিন কাজ করেছেন। তিনি এক দশকের বেশি সময় ধরে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তাকে প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ করেছে।