ক্লেভার-ক্লার্কের ফিফটিতে বাংলাদেশের সামনে ১৮৩ রানের লক্ষ্য
ক্ল্যাটেন ক্লার্ক আর ডেন ক্লেভার যেভাবে শুরু করেছিলেন তাতে দুইশো ছাড়ানোর আভাস দিয়েছিলো নিউজিল্যান্ড। তবে মাঝের ওভারে তাদের রাশ টেনে ধরেন রিশাদ হোসেন। তবু শেষ পর্যন্ত স্বাগতিকদের লড়াইয়ের চ্যালেঞ্জ দিয়েছে কিউইরা।
সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করেছে নিউজিল্যান্ড। ক্লেভার ২৮ বলে ৫১ আর ক্লার্ক ৩৭ বলে করেন সমান ৫১ রান। বাংলাদেশের সফল বোলার রিশাদ হোসেন ৩২ রানে নিয়েছেন দুই উইকেট।
টস জিতে বোলিং বেছে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় ওভারে টিম রবিনসনকে রানআউট করলেও পাওয়ার প্লে খুব ভালো কাজে লাগিয়ে ফেলেন ক্যাটেন ক্লার্ক ও ডেন ক্লেভার। ওভারপ্রতি ১০ করে রান আনতে থাকেন তারা। প্রথম ৬ ওভারে আসে ১ উইকেটে ৬১ রান।
পাওয়ার প্লের পরও ছুটতে থাকে রানের স্রোত। দশম ওভারে গিয়ে এই জুটি ভাঙতে পারে বাংলাদেশ। ফিফটি করা ক্লেভারকে এলবিডব্লিউতে থামান রিশাদ হোসেন। খানিক পর থামেন ক্লার্কও। তিনিও রিশাদের শিকার। ফিফটি তুলে তাওহিদ হৃদয়ের হাতে জমা পড়েন ডানহাতি ব্যাটার।
প্রথম দুই ওভারে খরুচে থাকা তানজিম হাসান সাকিব এসে বেভন জ্যাকবসকে থামলে নিউজিল্যান্ডের রানের গতি থমকে যায়। ওয়ানডে সিরিজে কিউইদের হিরো ডেন ফক্সক্রফট টি-টোয়েন্টিতে এসে ছন্দ পাননি। শেখ মেহেদীর বলে তিনি বোল্ড মাত্র ৩ রান করে।
এক পর্যায়ে দুইশো ছাড়ানোর আভাস দিতে থাকা সফরকারীদের সীমানা ছোট হয়ে যায়। অধিনায়ক নিক কেলি(২৭ বলে ৩৯) ও জশ ক্লার্কসেনের ১৪ বলে ২৭ রানে ১৮০ ছাড়িয়ে যেতে পারে তারা।