শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে বাংলাদেশের আড়াইশো ছাড়ানো পুঁজি

ক্রীড়া প্রতিবেদক

শুরুতেই বিপর্যয়ে পড়া বাংলাদেশ দলকে দারুণ জুটিতে টানলেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। লিটন সেঞ্চুরি হাতছাড়া করলেও শান্ত থামলেন তিন অঙ্ক ছাড়িয়ে। এই দুজনের এনে দেওয়া ভিতে সিরিজ নির্ধারণী ম্যাচে জুতসই পুঁজি পেল বাংলাদেশ। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট.লে মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে ২৬৫ রান করেছে বাংলাদেশ। ১১৯ বলে দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন শান্ত। ৯১ বলে ৭৬ রানের ইনিংস খেলেন কিপার ব্যাটার লিটন। নিউজিল্যান্ডের হয়ে ৩২ রানে ৩ উইকেট নেন উইল ও’রর্কি।  

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। উইল ও'রর্কির বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন শূন্য রানে থাকা সাইফ হাসান। আগের ম্যাচে আগ্রাসী ফিফটি করা তানজিদ হাসান তামিম এবার দুই অঙ্কেই যেতে পারেননি। ও'রর্কির বল টাম্পে টেনে বোল্ড হয়ে তিনি ফেরেন ৫ বলে ১ রান করে। 

৯ রানে ২ উইকেট হারিয়ে কেঁপে উঠা বাংলাদেশ দল এরপর প্রতিরোধের চেষ্টা চালায় শান্ত ও সৌম্য সরকারের ব্যাটে। সৌম্য শুরুটা করেছিলেন কাভার ড্রাইভে। কিন্তু আউট হয়ে যান থিতু হয়ে। থার্ড ম্যানে ঠেলে প্রান্ত বদল করতে গিয়ে বোল্ড হন ২৬ বলে ১৮ রান করে। 

৩২ রানে ৩ উইকেট হারানোর দল এরপর দিশা পায় দুই অভিজ্ঞ লিটন-শান্তর ব্যাটে। শুরুর খানিকটা দেখে খেলার পর রান বাড়াতে থাকেন তারা। শান্ত বাউন্ডারিতে মন দিলেও লিটন বেছে নেন প্রান্ত বদলের পথ। প্রথম বাউন্ডারি মারেন তিনি ৬০তম বলে। তবে প্রচুর সিঙ্গেল, ডাবলস নেওয়ায় চাপটা টের পাওয়া যাচ্ছিলো না।

দুজনেই পেরিয়ে যান ফিফটি, জুটি পেরিয়ে যায় শতরানের ঘর। ফিফটির আগ্রাসী হয় লিটনের ব্যাট। ও'রর্কিকে ছক্কা মারার পর বাঁহাতি স্পিনার লিনক্সের বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হন লিটন। ৯১ বলে ৭৬ রান করে তিনি বিদায় নিলে ভাঙে দুজনের ১৬০ রানের জুটি। 

সঙ্গীর বিদায়ের প্রভাব পড়েনি শান্তর ব্যাটে। তিনি ঠান্ডা মাথায় পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। ১১৪ বলে সেঞ্চুরি তুলার পর আর পাঁচ বল টিকেছেন তিনি। আউট হন লং অনে ক্যাচ দিয়ে। 

স্লগ ওভারে ঝড় তুলতে পারেননি ব্যাটাররা। মেহেদী হাসান মিরাজ চেষ্টা করলেও তাওহিদ হৃদয়ের ব্যাটে কোন তাড়না ছিলো না। ১৮ বলে ২২ রান করে মিরাজ ফিরলেও শেষ পর্যন্ত টিকে ২৯ বলে ৩২ রান করেন হৃদয়। স্লগ ওভারে ক্রিজে এসে তার মতো বিশেষজ্ঞ ব্যাটারের কাছ থেকে আরেকটু দ্রুত রান আশা করেছিলো বাংলাদেশ।