সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে শ্রীলঙ্কা নারী দল
বাংলাদেশ সফরে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে বহুল প্রতীক্ষিত সাদা বলের সিরিজ খেলতে শুক্রবার সকালে ঢাকায় পা রাখে চামারি আতাপাত্তু নেতৃত্বাধীন দলটি।
শুক্রবার সকাল প্রায় সাড়ে ১১টার দিকে ঢাকায় অবতরণের পর বিকেল ৫টায় রাজশাহীর উদ্দেশে উড়াল দেয় সফরকারীরা। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে রাজশাহী স্টেডিয়ামে। সিরিজের বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২২ ও ২৫ এপ্রিল।
ওয়ানডে সিরিজ শেষে দুই দলই যাবে সিলেটে, যেখানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এই সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ওয়ানডের জন্য ১৬ সদস্যের এবং টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড গঠন করা হয়েছে।
বাংলাদেশের মাটিতে এটি শ্রীলঙ্কা নারী দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে দুই দল মাত্র একবারই মুখোমুখি হয়েছিল দ্বিপাক্ষিক সিরিজে, ২০২৩ সালে শ্রীলঙ্কায়। সেই সিরিজে স্বাগতিকরা ওয়ানডে ১-০ এবং টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জয় পায়।
এছাড়া নতুন প্রধান কোচ জেমি সিডন্সের অধীনে এটিই শ্রীলঙ্কা নারী দলের প্রথম সফর। এর আগে তিনি বাংলাদেশের পুরুষ দলের সঙ্গেও বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন।
ওয়ানডে স্কোয়াড:
চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, ইমেশা দুলানি, হানসিমা করুণারত্নে, কাউশিনি নুথ্যাঙ্গানা, হর্ষিতা সমরাবিক্রমা, নিলাক্ষিকা সিলভা, পিউমি ওয়াথসালা, কাভিশা দিলহারি, ডেউমি বিহাঙ্গা, মালকি মাদারা, কাভ্যা কাভিন্দি, চেথানা বিমুক্তি, ইনোকা রানাওয়েরা, সুগান্ধিকা কুমারি, নিমেশা মাদুশানি।
টি-টোয়েন্টি স্কোয়াড:
চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, ইমেশা দুলানি, হানসিমা করুণারত্নে, কাউশিনি নুথ্যাঙ্গানা, হর্ষিতা সমরাবিক্রমা, নিলাক্ষিকা সিলভা, রাশমিকা সেউওয়ান্দি, কাভিশা দিলহারি, ডেউমি বিহাঙ্গা, মালকি মাদারা, মিথালি আয়োধ্যা, ইনোকা রানাওয়েরা, সুগান্ধিকা কুমারি, নিমেশা মাদুশানি।