বাংলাদেশের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা স্রেফ তিনজনের, তবু আশাবাদী ল্যাথাম

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ প্রথম সারির অন্তত ১০ জন তারকা ক্রিকেটার এখন আইপিএল ও পিএসএলে ব্যস্ত। বড় তারকাদের এই অনুপস্থিতিতে একঝাঁক তরুণ নিয়ে বাংলাদেশে পা রেখেছে কিউইরা। পরিসংখ্যান বলছে, বর্তমান স্কোয়াডের মাত্র তিনজনের রয়েছে বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। তবুও সিরিজ জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ল্যাথাম বলেন, ‘আমাদের দলটি কিছুটা অনভিজ্ঞ হতে পারে, তবে এটি নতুনদের জন্য নিজেদের মেলে ধরার দুর্দান্ত সুযোগ। কেন (উইলিয়ামসন) অধিনায়ক হিসেবে যা করেছে এবং আমরা দল হিসেবে যা করছি, সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী আমরা খেলা চালিয়ে যেতে চাই।’

কিউই স্কোয়াড বিশ্লেষণ করলে দেখা যায়, অধিনায়ক টম ল্যাথাম নিজে, হেনরি নিকোলস এবং উইল ইয়ং ছাড়া আর কারো বাংলাদেশের কন্ডিশনে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতার এই বিশাল ঘাটতিই সিরিজের সবচেয়ে বড় আলোচনার বিষয়। তবে ল্যাথাম এই প্রতিকূলতাকে দেখছেন দলের গভীরতা বাড়ানোর সুযোগ হিসেবে। তার মতে, ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে আসা এই পরিবর্তনগুলো কিউই ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক।

খাতা-কলমে আন্তর্জাতিক অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও ল্যাথাম আশাবাদী হওয়ার রসদ পাচ্ছেন দলের পাঁচ ক্রিকেটারের কাছ থেকে। নিক কেলি, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, আদিত্য অশোক এবং জেডেন লেনক্স—এই পাঁচজন এর আগে নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে বাংলাদেশ সফর করেছেন। জাতীয় দলের জার্সিতে এটি তাদের জন্য নতুন চ্যালেঞ্জ হলেও, মিরপুরের মন্থর উইকেট এবং এখানকার বৈরি আবহাওয়া সম্পর্কে তাদের সম্যক ধারণা রয়েছে। ল্যাথাম মনে করেন, এই অভিজ্ঞতাগুলোই মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

বাংলাদেশকে তাদের ঘরের মাঠে অত্যন্ত শক্তিশালী মনে করেন ল্যাথাম। বিশেষ করে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তরুণ তুর্কি নাহিদ রানার সমন্বয়ে গড়া পেস আক্রমণকে তিনি বড় হুমকি হিসেবে দেখছেন। ল্যাথাম বলেন, ‘বাংলাদেশের পেস ইউনিট এখন বেশ অভিজ্ঞ। বিশেষ করে এই কন্ডিশনে তারা দারুণ কার্যকর। একইসাথে আমাদের স্পিন সামলানোর জন্যও প্রস্তুত থাকতে হবে।‘’

পেস আক্রমণের পাশাপাশি তীব্র দাবদাহকেও বড় প্রতিপক্ষ মানছেন ল্যাথাম। নিউজিল্যান্ডের শীতল পরিবেশ থেকে এসে ঢাকার গরমে ৫০ বা ১০০ ওভার মাঠে থাকা কঠিন চ্যালেঞ্জ। তবুও ল্যাথামের বিশ্বাস, তরুণরা যদি নির্ভীক ক্রিকেট খেলতে পারে, তবে এই কন্ডিশনেও সিরিজ জেতা সম্ভব।

শুক্রবার মিরপুরে সকাল ১১টায় শুরু হবে প্রথম ওয়ানডে।