ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড
বাংলাদেশ সফরকে সামনে রেখে দারুণ এক স্বস্তির খবর পেয়েছে নিউজিল্যান্ড। ইনজুরি কাটিয়ে একাধিক মূল পেসারের দলে ফেরা তাদের সাদা বলের স্কোয়াডকে এনে দিয়েছে নতুন প্রাণ, আর নেতৃত্বের দায়িত্ব পড়েছে অভিজ্ঞ টম ল্যাথামের কাঁধে।
আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন চোটে থাকা বেশ কয়েকজন প্রথম সারির পেসারের প্রত্যাবর্তনই স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ। বিশেষ করে ম্যাট ফিশার, উইল ও’রুরকে ও ব্লেয়ার টিকনারের ফেরা দলকে বাড়তি শক্তি জোগাবে।
পিঠের চোট কাটিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরছেন ও’রুরকে। অন্যদিকে শিন ইনজুরি থেকে সেরে ওঠা ফিশার ও অ্যাঙ্কেলের চোট কাটানো টিকনার জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে, যেখানে টিকনারকে রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডেও।
তবে নিয়মিত সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারকে পাচ্ছে না কিউইরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে ব্যস্ত থাকায় এই সফরে অনুপস্থিত থাকছেন তিনি। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম।
সফরে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। প্রথম দুটি ম্যাচ ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আর তৃতীয়টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার পর ২ মে ঢাকায় শেষ ম্যাচ দিয়ে সিরিজের পর্দা নামবে।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুরকে, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।