প্রথম বিভাগের ক্রিকেটারদের নিয়ে বিসিবি উইমেন’স কাপ
নারী প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়দের নিয়ে বিসিবি উইমেন’স কাপ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং। আগামী ৫ থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। এর ফলে ১১২ জন নারী ক্রিকেটার একটি সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার সুযোগ পাবেন।
অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। এছাড়া, খেলোয়াড় ও কোচিং স্টাফদের আবাসন সুবিধাও দেবে বিসিবি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল, ম্যাচসেরা খেলোয়াড় ও অন্যান্য ব্যক্তিগত নৈপুণ্যের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।
আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে ক্লাবগুলোর প্রতিবাদের মুখে এই বছর ঢাকা নারী প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করা সম্ভব হয়নি। এই শূন্যতা পূরণের লক্ষ্যেই নতুন এই টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে বিসিবি।
এদিকে, তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী এপ্রিলে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ডব্লিউবিপিএল) উদ্বোধনী আসর বসার কথা থাকলেও সম্প্রতি তা স্থগিত করে বোর্ড। ওই টুর্নামেন্টের সূচি আগামী জুলাইয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে।