বৃষ্টির পর নতুন টার্গেট পেল বাংলাদেশ
বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নতুন লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। এখন জয়ের জন্য ৩২ ওভারে ২৪৩ রান করতে হবে স্বাগতিকদের। বৃষ্টির পর ম্যাচটি শুরু হবে ৯টা ৩৫ মিনিটে।
শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১৫ রানের মধ্যেই তিন ওপেনারের বিদায় ঘটলে চাপে পড়ে যায় দলটি।
এর মধ্যেই বজ্রপাতের কারণে খেলা বন্ধ করে দেন মাঠের দুই আম্পায়ার তানভীর আহমেদ ও আদ্রিয়ান হোল্ডস্টক। বাংলাদেশের ইনিংসের ৬.৩ ওভার শেষে খেলা বন্ধ করা হয়। তখন স্কোরবোর্ডে ৩ উইকেটে ২৭ রান। ক্রিজে ছিলেন লিটন দাস ১৩ রানে ও তাওহিদ হৃদয় ০ রানে।
এরপর শুরু হয় শিলাবৃষ্টি, যা বেশ কিছু সময় ধরে চলে। সব মিলিয়ে প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকে ম্যাচ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বৃষ্টি আইনে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় বাংলাদেশের জন্য। সেই হিসাবে এখন ৩২ ওভারে ২৪৩ রান করতে হবে টাইগারদের।
এর আগে ব্যাট করে পাকিস্তান ৪৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ২৭৪ রান। উড়ন্ত সূচনার পর মাঝপথে ধস নামায় তিনশোর কাছাকাছি যেতে পারেনি সফরকারীরা।