উইকেট নিয়ে এবার আর ‘অভিযোগ’ নেই হেসনের, দায় দিলেন ব্যাটারদেরই
গত বছর টি-টোয়েন্টি সিরিজের সময় এই মিরপুরের উইকেট নিয়েই রীতিমতো তোপ দেগেছিলেন পাকিস্তান কোচ মাইক হেসন। উইকেট ‘আন্তর্জাতিক মানের নয়’ বলে তখন তীব্র সমালোচনা করেছিলেন তিনি। কিন্তু বুধবার প্রথম ওয়ানডেতে যখন পাকিস্তানের ইনিংস মাত্র ১১৪ রানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল, তখন হেসনের কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর। এবার উইকেটের ওপর দায় না চাপিয়ে সরাসরি নিজেদের ব্যাটারদেরই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হেসন স্পষ্ট করে বলেন, ‘দেখুন, উইকেট একদম ঠিক ছিল। আমার মনে হয় এটি যথেষ্ট ভালো আচরণ করেছে।’ গতবারের সেই তিক্ত অভিজ্ঞতার রেশ টেনে হেসনের এই মন্তব্য প্রমাণ করে, মিরপুরের উইকেটে কোনো জুজু ছিল না, বরং নাহিদ রানা’র আগুনের সামনেই আত্মসমর্পণ করেছেন পাকিস্তানের ব্যাটাররা।
নাহিদ রানা’র দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করে হেসন বলেন, ‘নাহিদ রানা আসা পর্যন্ত আমরা ঠিকঠাকই এগোচ্ছিলাম। সে এসেই ম্যাচের দৃশ্যপট বদলে দিল। অভিষেক হওয়া শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাতের ৪১ রানের উদ্বোধনী জুটির পর রানার তোপেই মূলত আমাদের ব্যাটিং বিপর্যয় শুরু হয়।’
স্রেফ ২৪ রানে ৫ উইকেট নিয়ে রানা যে ধস নামিয়েছেন, তার কোনো জবাব ছিল না সফরকারীদের কাছে। নিজের হোম গ্রাউন্ডে প্রথম ওয়ানডে খেলতে নেমে রানা যেভাবে সিম এবং পেসের সংমিশ্রণে পাকিস্তানের প্রথম পাঁচ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন, তাতে হেসন মুগ্ধ হয়ে বলেন, ‘সে সত্যিই এক প্রতিশ্রুতিশীল বোলার। ওয়ানডেতে ৫ উইকেট পাওয়া একটা বিশেষ কৃতিত্ব, এবং সে যা সম্মান পাচ্ছে তার যোগ্য।’
তবে হেসন লুকোছাপা করেননি দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে। তিনি বলেন, ‘এটি অত্যন্ত হতাশাজনক একটি ব্যাটিং প্রদর্শনী। এটা এড়ানোর কোনো উপায় নেই। শুধু তরুণরা নয়, অভিজ্ঞদেরও দায় নিতে হবে। ভালো বোলিংয়ের মুখে পড়ে আমরা নিজেদের গুটিয়ে নিয়েছিলাম।’
মিরপুরের উইকেট নিয়ে এক বছরের ব্যবধানে হেসনের এই ভোলবদল ক্রিকেট মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। গত বছর যেখানে উইকেটই ছিল তার প্রধান লক্ষ্যবস্তু, এবার সেখানে হেসন নিজেই স্বীকার করে নিলেন যে দোষটা উইকেটের নয়, বরং তাদের পারফরম্যান্সেরই। বাকি দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটারদেরই বড় দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি।
সিরিজে পিছিয়ে পড়া হেসন এখন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া, ‘আমাদের সবার ঘুরে দাঁড়ানো প্রয়োজন এবং দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ে আরও ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব।’