মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে আমিরাতে শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ স্থগিত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শ্রীলঙ্কা। সোমবার লঙ্কান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা এএফপিকে বলেন, 'বিমান চলাচলের প্রতিকূল পরিস্থিতি এবং ওই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ায় আমাদের সিরিজটি বাতিল করতে হয়েছে।'
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চ থেকে শারজাহ ও দুবাইয়ে দুই দলের মধ্যে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। উল্লেখ্য, এটিই হতে পারত শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের আয়োজিত প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ফলে দুবাইসহ ওই অঞ্চলের বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। গত শনিবার ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় নিরাপত্তার স্বার্থে দুবাই বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিবেশ না থাকায় আফগানিস্তান সাধারণত ভারত বা সংযুক্ত আরব আমিরাতকে তাদের 'হোম ভেন্যু' হিসেবে ব্যবহার করে।