‘বুমরাহ এক প্রজন্মে একজনই আসে’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত জয়ের পর ভারতের পেস তারকা জাসপ্রিত বুমরাহর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তার মতো বোলার ‘এক প্রজন্মে একজনই আসে’ বলে অভিহিত করেছেন তিনি।
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগের দিন নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পায় ভারত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার বলেন, বড় মঞ্চে বুমরাহ সবসময়ই অসাধারণ শান্ত ও কার্যকর।
তিনি বলেন, 'সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা দুজনই দারুণ খেলোয়াড়। আমরা জানতাম তারা বিশেষ কিছু করবে, আর তারা ফাইনালেই সেটা করে দেখিয়েছে। আর বুমরাহ, সে সত্যিই এক প্রজন্মে একজনই আসে। তাকে আমি জাতীয় সম্পদও বলতে পারি। কী করতে হবে সে ঠিকই জানে, আর এই মুহূর্তে সেই সেরা।'
গত দুই বছরে দলের ধারাবাহিক পারফরম্যান্সের কথাও উল্লেখ করেন ভারত অধিনায়ক। তার মতে, ২০২৪ বিশ্বকাপে তৈরি হওয়া ভালো অভ্যাসই দলকে এই সাফল্যের পথে এগিয়ে দিয়েছে।
সূর্যকুমার বলেন, 'গত দুই বছর ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। ২০২৪ বিশ্বকাপে যে ভালো অভ্যাস তৈরি হয়েছিল, আমরা সেটাই ধরে রাখতে চেয়েছি। ছেলেরা দারুণভাবে সাড়া দিয়েছে। একজন খেলোয়াড় কী করতে পারে, সেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। আমি সবসময়ই বিশ্বাস করেছি তাদের ম্যাচ জেতানোর সামর্থ্য আছে। আর ঠিক সময়েই তারা সেটার প্রমাণ দিয়েছে।'
এই জয়ের মাধ্যমে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে একই ভেন্যুতে পাওয়া হতাশার স্মৃতিও মুছে ফেলেছে ভারত। পুরো টুর্নামেন্টজুড়েই ছিল তাদের দাপট, শেষ দুই টি–টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ হেরেছে তারা।
ফাইনালে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ বিধ্বস্ত করে নিউজিল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ভারত তোলে ৫ উইকেটে ২৫৫ রান, যা টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে নিউজিল্যান্ড ১৯ ওভারে অলআউট হয় ১৫৯ রানে।
এই জয়ে একাধিক ইতিহাসও গড়ে ভারত। তারা প্রথম দল হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা সফলভাবে ধরে রাখল, প্রথমবার নিজেদের মাটিতে এই টুর্নামেন্ট জিতল এবং একই সঙ্গে তিনবার বিশ্বকাপ জয়ের কীর্তিও গড়ল।
তবে ম্যাচ শেষে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার, 'আজ অসাধারণ এক দলের কাছে আমরা পরাজিত হয়েছি, আর দারুণ দর্শকের সামনে খেলেছি। নিজের দেশে বিশ্বকাপ খেললে চাপ থাকেই, কিন্তু সূর্যকুমার ও তার দল অবশ্যই গর্ব করার মতো পারফরম্যান্স করেছে। সুপার এইট ও সেমিফাইনালে আমরা কঠিন লড়াই করেছি, কিন্তু আজ রাতে ভারতই ছিল স্পষ্টতই সেরা।'