মাইলফলক নয়, উদযাপন হোক ট্রফির: গম্ভীর

স্পোর্টস ডেস্ক

ট্রফিই শেষ কথা, ব্যক্তিগত মাইলফলক নয়, এমন দর্শনেই এগোচ্ছে ভারতীয় ক্রিকেট দল। টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেছেন, দলগত সাফল্যকে অগ্রাধিকার দেওয়ার এই মানসিকতাই ভারতের আধিপত্যের মূল শক্তি হয়ে উঠেছে।

রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে বিধ্বস্ত করে ভারত টানা দ্বিতীয়বারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এর মধ্য দিয়ে প্রথম দল হিসেবে তিনবার এই টুর্নামেন্ট জয়ের কীর্তিও গড়ে তারা।

২০২৪ সালে বিশ্বকাপ জয়ের পর কোচের দায়িত্ব পাওয়া গম্ভীর বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পরিষ্কার করে দিয়েছিলেন, দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত রেকর্ড বা মাইলফলক কোনো মানদণ্ড হবে না। এই ভাবনাই অধিনায়ক সূর্যকুমারের নেতৃত্বে দলকে আরও আক্রমণাত্মক ও প্রভাবশালী ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করেছে।

গম্ভীর বলেন, 'সূর্যের সঙ্গে আমার খুবই সহজ একটা দর্শন, মাইলফলক গুরুত্বপূর্ণ নয়, ট্রফিই গুরুত্বপূর্ণ। অনেক দিন ধরেই ভারতীয় ক্রিকেটে আমরা মাইলফলক নিয়েই বেশি কথা বলেছি। আমি যতদিন আছি, ততদিন আশা করি এসব নিয়ে আলোচনা হবে না।'

এই মানসিকতার উদাহরণ হিসেবে তিনি ওপেনার সঞ্জু স্যামসনের সাম্প্রতিক পারফরম্যান্সের কথা উল্লেখ করেন। গত বছর ফর্মহীনতায় ভোগা স্যামসন বিশ্বকাপের শুরুতেও রান করতে হিমশিম খাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ঘুরে দাঁড়িয়ে নকআউট ম্যাচগুলোতে দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন।

ফাইনালে টানা তৃতীয়বারের মতো ৮০-এর বেশি রানের ইনিংস খেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের ইনিংসের প্রসঙ্গ টেনে গম্ভীর বলেন, 'ধরুন সঞ্জু যদি মাইলফলকের জন্য খেলতেন, তাহলে হয়তো আমরা ২৫০ রানই করতে পারতাম না।'

গম্ভীরের মতে, দলগত খেলায় ব্যক্তিগত অর্জনের চেয়ে ট্রফি জেতাই সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত, 'মাইলফলক উদযাপন বন্ধ করুন, ট্রফি উদযাপন করুন। কারণ দলগত খেলায় বড় উদ্দেশ্য হলো ট্রফি জেতা, ব্যক্তিগত লক্ষ্য পূরণ করা নয়।'

অধিনায়ক সূর্যকুমারের নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন ভারতের কোচ। তার ভাষায়, 'এই ফরম্যাটে সূর্য আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। সে অসাধারণ একজন নেতা। সে নিজেই বলেছে, তাকে ক্যাপ্টেন নয়, নেতা হিসেবে ডাকা হোক। কারণ ড্রেসিংরুমে একজন নেতা ক্যাপ্টেনের চেয়েও বড় ভূমিকা রাখে।'

এদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপে তিনটি শিরোপা জয়ের পর সূর্যকুমার জানিয়েছেন, ভারতের লক্ষ্য এখানেই শেষ নয়। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস আঙ্গেলেসে অনুষ্ঠিতব্য ২০২৮ অলিম্পিকসে ক্রিকেটে স্বর্ণ জয়ের লক্ষ্যও এখন তাদের সামনে। একই সঙ্গে আরেকটি টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নও দেখছে ভারত।