শেষ ওভারে গড়ানো লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয়
নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে ৪ রানের রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ নারী 'এ' দল। 'বি' গ্রুপে শেষ ওভারে গড়ানো নাটকীয় লড়াইয়ে শ্রীলঙ্কা 'এ' দলেকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করল লাল-সবুজের প্রতিনিধিরা।
ব্যাংককের তের্দথাই ক্রিকেট গ্রাউন্ডে শনিবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার ইশমা তানজিম ও শামীমা সুলতানার ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় তারা। পাওয়ার প্লের শেষ হওয়ার ঠিক আগের বলে এই জুটি ভাঙার আগে স্কোরবোর্ডে জমা হয় ৪৮ রান। ইশমা ২৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ ও শামীমা ১৯ বলে ১৭ রান করে আউট হন।
তিনে নামা শারমিন সুলতানা ২৭ বলে ২৯ রানের একটি কার্যকরী ইনিংস খেলে রানের চাকা সচল রাখেন। তবে ১৭তম ওভারে শারমিন বিদায় নেওয়ার পরই হঠাৎ ব্যাটিং ধসের মুখে পড়ে বাংলাদেশ। ৪ উইকেটে ১০৪ রান থেকে ১৯.৫ ওভারে ১১৫ রানেই অলআউট হয়ে যায় টাইগ্রেসরা। মাত্র ১১ রানের মধ্যে শেষ ৬ উইকেট খোয়ায় তারা।
শ্রীলঙ্কার পক্ষে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান বাঁহাতি স্পিনার শচিনি নিসানসালা। তিনি একটি মেডেনসহ মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। এছাড়া, মালশা শেহানি ও সাথিয়া সন্দিপানি পান দুটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়ে শ্রীলঙ্কার। ১৩তম ওভারে ৬৫ রানে ৫ উইকেট খুইয়ে বিপাকে পড়ে দলটি। তবে ষষ্ঠ উইকেটে আমা কাঞ্চনা (৩০ বলে ২৩ রান) ও নিসানসালা (১৮ বলে ২০ রান) ৩০ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে লঙ্কানদের ম্যাচে ফিরিয়ে এনে জয়ের সুবাস দেন।
ম্যাচের ভাগ্য যখন পেন্ডুলামের মতো দুলছে, তখন স্নায়ুচাপ সামলে চমৎকার বোলিং করেন বাংলাদেশের বোলাররা। ম্যাচসেরা বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ২০ রানে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান। তাছাড়া, অধিনায়ক ফাহিমা খাতুন ও লতা মন্ডল পান দুটি করে উইকেট। তাই শেষ ৩০ বলে ৩৭ রানের সমীকরণ মেলাতে পারেনি শ্রীলঙ্কা। তারা পুরো ওভার খেললেও আটকে যায় ৯ উইকেটে ১১১ রানে।
এর আগে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ড ৯৯ রানের বিশাল ব্যবধানে মালয়েশিয়াকে পরাজিত করেছে। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার থাইল্যান্ডেরই মুখোমুখি হবে। একই দিনে শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে।