বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন টেইলর
বিশ্বকাপ অভিযানে বড় ধাক্কা খেল জিম্বাবুয়ে। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ব্রেন্ডান টেইলর। ওমানের বিপক্ষে গ্রুপ ম্যাচে আট উইকেটের জয় নিশ্চিত করার ম্যাচে অসুস্থ হয়েছিলেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।
এরপর তার ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, টেইলর আর কোনো ম্যাচে অংশ নেবেন না। ক্যাপ্টেন সিকান্দার রাজা টসের সময় নিশ্চিত করেন, “ব্রেন্ডান টেইলর ইনজুরিতে পড়েছেন এবং টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে।”
ওমান ম্যাচে ৩০ বল খেলে ৩১ রান করার পর রান নেওয়ার সময় টেইলর অসুস্থ হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ইনজুরির প্রকৃতি প্রকাশ করা হয়নি, তবে দলে থেকে জানানো হয়েছে কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না বলেই এমন সিদ্ধান্ত।
টেইলরের অনুপস্থিতি জিম্বাবুয়ে দলের ব্যাটিং লাইনআপ ও নেতৃত্বে বড় ফাঁক তৈরি করেছে। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে টেইলর ছিলেন দলের মূল স্তম্ভ, ৩৬টি টেস্ট, ২০৭টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টিতে খেলেছেন। সম্প্রতি পাঁচটি টি-টোয়েন্টি ইনিংসের মধ্যে তিনবারই ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে, যা তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
এদিকে অস্ট্রেলিয়া ম্যাচের জন্য রিচার্ড এনগারাভা বিশ্রামে ছিলেন; স্ক্যান রিপোর্টে সব ঠিক থাকলেও সতর্কতার জন্য তাকে মাঠে নামানো হয়নি।