‘চাপ থাকবে, স্নায়ু কাজ করবে’: তবু বিনোদনের প্রতিশ্রুতি সূর্যকুমারের
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করার আগে বাস্তবতা মেনে নিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। মুম্বাইয়ের গগনবিদারী সমর্থন, লাখো চোখের প্রত্যাশা আর শিরোপা ধরে রাখার চাপ, সব মিলিয়ে “নার্ভাসনেস” বা স্নায়ুচাপ যে থাকবেই, তা অকপটে স্বীকার করেছেন তিনি। তবে সেই চাপের মধ্যেও সমর্থকদের ‘বিনোদন দেওয়ার’ অঙ্গীকারে অনড় ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।
সহ-আয়োজক ভারত শনিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ ‘এ’ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। ৩০ হাজারের বেশি উন্মাতাল দর্শকে ভরা গ্যালারিতে বিশ্বকাপ অভিযান শুরু করবে বিশ্বসেরা র্যাংকিংধারী টি-টোয়েন্টি দলটি, যারা টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার স্পষ্ট ফেভারিট হিসেবেই বিবেচিত।
শুক্রবার শেষ অনুশীলনের আগে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে সূর্যকুমার বলেন, “ঘরের মাঠে খেললে বাড়তি চাপ থাকেই, এ সত্য এড়ানোর কিছু নেই। সৎভাবে বললে, স্নায়ু কাজ করবে, চাপ থাকবে। তবে ইতিবাচক দিকটা দেখলে চারপাশে থাকবে বিপুল উৎসাহ আর সমর্থন। স্টেডিয়ামে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ আসবে, আর ঘরে বসেও কোটি কোটি মানুষ ম্যাচ দেখবে। আমি ছেলেদের বলেছি, চলো, আমরা ওদের ভালো সময় দিই। আমরা ওদের বিনোদন দিই।”
বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল হিসেবে ভারত যে শিরোপা ধরে রাখার বড় ফেভারিট, তা জানেন সূর্যকুমারও। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রত্যাশার ভারে চাপা না পড়ে বরং ঘরের সমর্থকদের ইতিবাচক শক্তিকেই কাজে লাগাতে চায় দল।
প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানালেন ভারত অধিনায়ক। ২০২৪ বিশ্বকাপে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল ইউএসএ। সে প্রসঙ্গ টেনে সূর্যকুমার বলেন, “এই টুর্নামেন্টে আমি কোনো দুর্বল দল দেখি না। ২০টি দলই ভালো ক্রিকেট খেলতে সক্ষম। এই ফরম্যাটে এক-দুইজন ব্যাটারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিংবা এক-দুইজন বোলারের ২৪টি ভালো বলই যথেষ্ট। তাই আমরা সব দলের বিপক্ষে একইভাবে খেলব, যেভাবে খেলতে অভ্যস্ত।”
যুক্তরাষ্ট্র দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান সঞ্জয় কৃষ্ণমূর্তিও ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলাকে সম্মানের বিষয় হিসেবে দেখছেন। ওরেগনে জন্ম নেওয়া ২২ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, “সব আমেরিকানের জন্যই এটা আমাদের দেশের একটি বিশেষ মুহূর্ত। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে, সবচেয়ে আইকনিক স্টেডিয়ামগুলোর একটিতে খেলার সুযোগ, এটা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে, আমেরিকান ক্রিকেটে এগিয়ে আসতে।”
ভারতের শিবিরে অবশ্য দুশ্চিন্তার জায়গাও আছে। পেসার হর্ষিত রানাকে নিয়ে তৈরি হয়েছে ফিটনেস শঙ্কা। বুধবারের ওয়ার্ম-আপ ম্যাচে মাত্র এক ওভার বোলিং করার পর হাঁটু চেপে ধরে মাঠ ছাড়েন তিনি। এ বিষয়ে সূর্যকুমার বলেন, “ওকে এখনো বাদ দেওয়া হয়নি। কিন্তু ওয়ার্ম-আপ ম্যাচের পর ওর অবস্থা ভালো মনে হয়নি। ফিজিওরা তাকে পর্যবেক্ষণ করছেন। সত্যি বলতে, বিষয়টা খুব ভালো দেখাচ্ছে না।”