বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত অন্তত ১৩২

স্টার অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি গ্রামে  সশস্ত্র হামলাকারীরা অন্তত ১৩২ জন বেসমারিক মানুষকে হত্যা করেছে।

আজ রোববার বিবিসি দেশটির সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বুরকিনা ফাসোতে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, হামলাকারীরা শুক্রবার রাতে সোলহান নামের ওই গ্রামে সারারাত তাণ্ডব চালায়। বাড়িঘর ও বাজারে আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত কোনো গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলার এই ঘটনাটিকে অভিহিত করেছেন ‘চরম নিষ্ঠুরতা’ হিসেবে।

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোর এই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা অবশ্যই রুখে দাঁড়াবো।’

শুক্রবার রাতেই সোলহানের ১৫০ কিলোমিটার উত্তরে তাদারাত নামের আরেকটি গ্রামে হামলায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সশস্ত্র গ্রুপগুলো এই অঞ্চলের বেশিরভাগ এলাকাজুড়ে হামলা, অপহারণের মতো কর্মকাণ্ড চালিয়ে আসার কারণে প্রতিবেশী দেশগুলোর মতো বুরকিনা ফাসোও গভীর নিরাপত্তা সংকটে ভুগছে।

জঙ্গি হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মে মাসে দেশটির সামরিক বাহিনী বড় আকারে একটি অভিযান চালায়। তা সত্ত্বেও এসব হামলা প্রতিরোধে সেনাবাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে।

অব্যাহত সহিংসতার কারণে গত দুই বছরে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।