গাজায় ইসরায়েলি হামলা: জাতিসংঘে তদন্ত প্রস্তাব পাস, ভোটদানে বিরত ভারতসহ ১৩ দেশ

স্টার অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিনের সংঘাত চলাকালে মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব ছিল জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের।

গত বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদরদপ্তরে বিশেষ অধিবেশন শেষে এ সংক্রান্ত ভোট অনুষ্ঠিত হয়।

সেদিন মানবাধিকার কাউন্সিলের ৪৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২৪টির ভোট পেয়ে প্রস্তাবটি পাস হয়। রাশিয়া ও চীন প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় নয়টি দেশ। তবে, ভারতসহ আরও ১৩টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।

এনডিটিভি জানায়, জাতিসংঘের তদন্ত প্রস্তাবে ভারত ভোট না দিলেও, জেনেভার বিশেষ অধিবেশনে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ইন্দ্র মণি পাণ্ডে বলেন, ‘গাজায় ইসরায়েল ও ও সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে যুদ্ধবিরতি আনার জন্য আন্তর্জাতিক গোষ্ঠী ও আঞ্চলিক দেশগুলোর যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে, নয়াদিল্লি তাকে স্বাগত জানায়।’

তিনি বলেন, ‘ভারত সব পক্ষকে চূড়ান্ত সংযম দেখানোর, উত্তেজনা আরও বাড়িয়ে তুলে, এমন কার্যক্রম থেকে বিরত থাকার এবং পূর্ব জেরুজালেম ও এর আশপাশের এলাকায় বিদ্যমান স্থিতিশীলতা নষ্ট করার কোনো চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।’

এক বিবৃতিতে ইন্দ্র মণি পাণ্ডে জেরুজালেমে, বিশেষ করে হারাম আল শরীফ এবং ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে চলমান সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।