চীনে কয়লা খনিতে গ্যাস বিষক্রিয়ায় ১৮ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৫

স্টার অনলাইন ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় ১৮ জন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় পাঁচ শ্রমিক এখনো নিখোঁজ আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। 

সিসিটিভি’র বরাত দিয়ে বিবিসি জানায়, চংকিং পৌরসভার ডায়োশুইডং খনি থেকে এক শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবারের ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

নিরাপত্তার ঘাটতি এবং যথাযথ তদারকির অভাবে এ ধরণের খনি দুর্ঘটনা চীনে প্রায়ই ঘটে।

সিসিটিভি জানায়, শ্রমিকরা খনির ভেতরে খোঁড়াখুঁড়ির কাজ করার সময় গ্যাস বিষক্রিয়ায় কবলে পড়েন। খনিটি গত দুই মাস ধরে বন্ধ ছিল।

এর আগে, গত সেপ্টেম্বরে চীনে অপর এক খনি দুর্ঘটনায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল।