উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৬ শিশুসহ নিহত ১৪

স্টার অনলাইন ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের প্রতাপগড়ে সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে প্রতাপগড়ের প্রয়াগরাজ-লক্ষ্ণৌ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আজ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাত ১১টা ৪৫ মিনিটে প্রয়াগরাজ-লক্ষ্ণৌ মহাসড়কের কাছের দেশরাজ ইনারা গ্রামের কাছে একটি যাত্রীবাহী এসইউভি গাড়ি ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা ছয় শিশুসহ ১৪ যাত্রী নিহত হন।

পুলিশ জানায়, ট্রাকটি রাস্তার পাশে রাখা ছিল। এসইউভি গাড়িটি পেছন থেকে এসে এটিকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা যাত্রীরা প্রাণ হারান। গাড়িতে থাকা যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় নিহত ছয় শিশুর বয়স সাত থেকে ১৫ বছরে মধ্যে। আর অপর আট জনের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।