করোনায় কমপক্ষে ১০০ ইতালিয়ান চিকিৎসকের মৃত্যু

স্টার অনলাইন ডেস্ক

ফেব্রুয়ারির পর থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে একশ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ইতালির স্বাস্থ্য সংস্থা ন্যাশনাল ফেডারেশন ফর ডক্টর গিল্ডস (এফএমওএমসিইও) গতকাল বৃহস্পতিবার এ তথ্য উল্লেখ করেছে।

এফএনএমসিইও এর এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘কোভিড-১৯ এ মারা যাওয়া চিকিৎসকের সংখ্যা একশ। সম্ভবত এই মুহূর্তে  ১০১ জন হতে পারে।’

এ তালিকায় অবসরপ্রাপ্ত চিকিত্সকও আছেন, যাদেরকে একমাস আগে করোনার চিকিৎসার জন্য আহ্বান জানিয়েছিল সরকার।

ইতালির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ধারণা করা হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে ৩০ নার্স ও তাদের সহকারীও মারা গেছেন।

এফএনওএমসিইও এর সভাপতি সংস্থাটির ওয়েবসাইটে বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কোনো সুরক্ষা ছাড়াই পাঠাচ্ছি। এটি কোনো নিরপেক্ষ লড়াই নয়।’

রোমের আইএসএস পাবলিক হেলথ ইনস্টিটিউটের অনুমান, ইতালির করোনভাইরাসে আক্রান্তদের ১০ শতাংশ স্বাস্থ্য খাতের কর্মী।