করোনাভাইরাস: আক্রান্তদের জাহাজ নোঙরের অনুমতি দিয়েছে কিউবা

স্টার অনলাইন ডেস্ক

ব্রিটেনের একটি যাত্রীবাহী জাহাজে পাঁচ যাত্রীর করোনাভাইরাস শনাক্ত হবার পর নোঙরের অনুমতি দিয়েছে কিউবা। দ্য এম এস ব্রামার নামে ওই জাহাজটি বন্দরে বন্দরে দুই দিন ঘোরার পর আটকে থাকা ছয়শ যাত্রীর প্রতি সাহায্যের হাত বাড়াল উত্তর আমেরিকার দ্বীপ রাষ্ট্রটি।

একাধিক দেশে দেশে জাহাজটি নোঙরের অনুমতি পেতে ব্যর্থ হওয়ার পর কিউবার কাছে সাহায্য চায় ব্রিটিশ সরকার। জরুরি পরিস্থিতিতে যাত্রীদের কথা বিবেচনা করে জাহাজটিকে ভেড়াতে রাজি হয়েছে কিউবা।

কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সুস্থ যাত্রীদের ঝুঁকির কথা বিবেচনা করে জাহাজটিকে নোঙর ফেলার অনুমতি দেওয়া হলো।’

বিবৃতিতে বলা হয়, ‘বিচ্ছিন্ন চিন্তা নয়, এখন প্রয়োজন সম্মিলিত সহযোগিতা। স্বাস্থ্য সুরক্ষাকে মানবাধিকার হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিকভাবে সবার সংহতি প্রকাশ করা উচিত। মূল্যবোধ ও মানবিক চর্চার মাধ্যমেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’