আমি করোনাভাইরাসে আক্রান্ত: ইদ্রিস এলবা

স্টার অনলাইন ডেস্ক

নতুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা।

গতকাল এক টুইটবার্তায় ৪৭ বছর বয়সী এলবা জানান যে, ওইদিন সকালে তিনি করোনাভাইরাস পরীক্ষার ফল হাতে পেয়েছেন। সেখানে পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

সিএনএন বলছে, শরীরে এখন পর্যন্ত কোন উপসর্গ দেখা না গেলেও, আক্রান্ত জানার পর থেকেই আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন তিনি।

নিজে আক্রান্ত হলেও, করোনাভাইরাস নিয়ে অন্যদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা।

তিনি বলেছেন, ‘কীভাবে আতঙ্কিত না হয়ে থাকা যায়, আমি সার্বক্ষণিক আপনাদের তা জানাতে থাকব।’

উল্লেখ্য, ইদ্রিস এলবা এইচবিও ধারাবাহিক ‘দ্য অয়্যারে’ মাদক পাচারকারী ‘স্ট্রিঙ্গার বেল’, বিবিসি ধারাবাহিক ‘লুথার’-এ ‘জন লুথার’ এবং জীবনীনির্ভর চলচ্চিত্র ‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’-এ ‘নেলসন ম্যান্ডেলা’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি পান।

তিনি সেরা মিনি ধারাবাহিক বা টেলি চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য চারবার মনোনয়ন লাভ করেন এবং একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়াও তিনি প্রাইমটাইম এমি পুরস্কারের জন্য পাঁচবার মনোনীত হয়েছেন।