করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

স্টার অনলাইন ডেস্ক

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪ জনে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল মধ্যরাত পর্যন্ত নতুন করে ১ হাজার ৭৪৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩৬ জন।

গতকাল পর্যন্ত করোনাভাইরাসে চীনে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ১৮৫ জন এবং সারাবিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ১৯৬ জন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডের বাইরে মারা গেছেন ছয় জন।

তাইওয়ান, জাপান, ফিলিপাইন ও ফ্রান্সে একজন করে এবং হংকংয়ে দুই জন মারা গেছেন। হংকংয়ে মৃত দুজনের মধ্যে একজন মারা গেছেন আজ।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর চেয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেশি। চীনসহ বিভিন্ন দেশে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ১৪ হাজার ৪৪৯ জন।