গোলাগুলিতে মার্কিন-আফগান সেনা নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন-আফগান সেনাদের যৌথ অভিযান চলাকালীন গোলাগুলিতে পাঁচ-ছয়জন মার্কিন সেনা এবং ছয়জন আফগান সেনা নিহত হয়েছেন।
আফগান কর্তৃপক্ষের বরাতে আজ এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
দেশটিতে অবস্থানরত মার্কিন সেনার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল মার্কিন ও আফগান সেনাদের যৌথ অভিযান চলছিল। এর মধ্যে আফগান ইউনিফর্ম পরা এক সেনা গুলি চালানো শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে।
আফগানিস্থানের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গোলাগুলির ঘটনা মার্কিন ও আফগান সেনাদের মধ্যে ঘটেছে, নাকি তাদের যৌথ অভিযান চলাকালীন অন্য কোনো জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়েছে, সেটি এখনও নিশ্চিত নয়।
নাঙ্গারহার প্রদেশের এক কাউন্সিল সদস্য জানিয়েছেন, মার্কিন ও আফগান সেনাদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, আফগানিস্তানে প্রায়ই হামলা চালিয়ে থাকে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী। এসব গোষ্ঠীদের রুখতে আফগান সেনাদের সহায়তা করতে সেখানে নিয়োজিত রয়েছেন প্রায় ১৪ হাজার মার্কিন সেনা।