রোহিতের একার রানই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ
পর পর দুই ম্যাচে টাই আর জেতার পর সিরিজ জমিয়ে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চতুর্থ ওয়ানডেতেই রীতিমতো ধসে গেছে তারা। ভারতের বিশাল রানের নিচে চাপা পড়ে হেরেছে বড় ব্যবধানে। এক রোহিত শর্মা যা রান করেছেন পুরো দল মিলেও তা করতে পারেনি সফরকারীরা।
সোমবার মুম্বাইতে রোহিতের ১৬২ আর আম্বাতি রাইডুর ১০০ রানে ৩৭৭ রানের পাহাড় গড়েছিল ভারত। জবাব দিতে নেমে জেসন হোল্ডারের দল গুটিয়ে গেছে ১৫৩ রানে।
টস জিতে আগে ব্যাট করতে গিয়ে এদিন ক্যারিবিয়ান বোলারদের তুলোধুনো করতে নামেন রোহিত। টানা তিন সেঞ্চুরির পর এদিন তড়িঘড়ি আউট হন অধিনায়ক বিরাট কোহলি। তাতে কিছু যায় আসেনি ভারতের। ১৩৭ বলে রোহিত থামেন ১৬২ রান করে। ৮১ বলে ১০০ রান করেন রাইডু।
বিশাল রান তাড়ায় শুরু থেকেই পথ হারায় ক্যারিবিয়ানরা। প্রথম ছয় ব্যাটসম্যানই ফেরেন ২০ রান করার আগে। অধিনায়ক জেসন হোল্ডার ফিফটি না করলে তো আরও করুন দশা হতো তাদের। ৫৪ রানে অপরাজিত থেকে দলকে তিন অঙ্ক পার করান হোল্ডার। ভারতের তরুণ পেসার খলিল আহমেদ ১৫ রানে নেন ৩ উইকেট।
এই ম্যাচ হারায় ৫ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আর জেতাটা সম্ভব না। ১ নভেম্বর থিরুমানপুরমে জিততে পারলে সিরিজ সমতায় রেখে শেষ করতে পারবে তারা।