ঝোপে পড়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ, হাত-পায়ের ‘রগ কাটা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রামের একটি এলাকায় ঝোপ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএর এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শামীম মাসুদ খান (২৬) বরিশালের বাসিন্দা ছিলেন। তিনি চট্টগ্রামের বন্দর আবাসিক এলাকার বারপোল এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তিন ভাইবোনের মধ্যে বড় ছিলেন শামীম।

বন্দর থানাধীন আউটার রিং রোডের পাশে একটি ঝোপ থেকে গতকাল রোববার বিকেলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার হাত ও পায়ের রগ কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল করিম সাংবাদিকদের বলেন, 'আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখনো তিনি জীবিত ছিলেন। তার হাত ও পায়ের রগ কাটা ছিল। এটি আত্মহত্যা নাকি হত্যা, তদন্ত চলছে।'

পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে কল পেয়ে শামীমকে প্রথমে হালিশহর থানা পুলিশ উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, রোববার দুপুরে একটি ফোনকল পেয়ে শামীম বাসা থেকে বের হন। কারও সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন এবং একটি চাকরির সাক্ষাৎকার আছে বলে মাকে জানিয়েছিলেন।

নিহতের চাচাতো ভাই মো. মারুফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা হতবাক, সঠিক তদন্ত চাই। পুলিশ যেন খুঁজে বের করে কারা এর সঙ্গে জড়িত।'

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।