ছাড়পত্র নবায়ন ছাড়াই চলছিল জাহাজ কাটা, ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরিবেশগত ছাড়পত্র নবায়ন ছাড়াই ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম চালানোর দায়ে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।  

গত ১৪ আগস্ট ‘এমটি রাসি’ নামে ওই জাহাজটি ভাঙার সময় গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ইয়ার্ডটি পরিদর্শনের পর এক শুনানির ভিত্তিতে আজ বুধবার এই জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়।

কার্যালয়ের পরিচালক জমির উদ্দিনের সই করা আদেশে বলা হয়েছে, তদন্তে দেখা গেছে, ফেরদৌস স্টিল পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ ভাঙার কার্যক্রম চালিয়ে আসছিল। পরিবেশগত ক্ষতি নিরূপণ পদ্ধতির আওতায় এই ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

অধিদপ্তর কোম্পানিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া, পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করা পর্যন্ত ইয়ার্ডে জাহাজ কাটার কাজ পুনরায় শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, ইয়ার্ড মালিকের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয় এবং তারা আইন লঙ্ঘনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

আদেশে সতর্ক করে বলা হয়েছে, এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরসহ কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইয়ার্ডে দুর্ঘটনার পাঁচ দিন পর এই ব্যবস্থা নেওয়া হলো। ওই দুর্ঘটনায় গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যু হয়েছিল।

২০১৭ সাল থেকে এ পর্যন্ত শ্রম আইনের তিনটি মামলায় পড়েছে ফেরদৌস স্টিল। এর মধ্যে আগের দুটির মামলায় দণ্ড হয়েছে। আর এ বছর আরও একটি হামলা দায়ের হয়েছে।