চট্টগ্রামে ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিভাগীয় আয়োজন
বিভাগীয় পর্যায়ে দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজন শুরু হয়েছে। আজ শনিবার চট্টগ্রামে উদযাপনের প্রথম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
গত ২৪ ও ২৫ এপ্রিল ঢাকা কার্যালয়ে কেন্দ্রীয় উদযাপনের পর বিভাগীয় আয়োজন শুরু হলো।
প্রতিষ্ঠাকালীন মূলমন্ত্র ‘সততা, সাহসিকতা, সাংবাদিকতা’কে সামনে রেখে আজ বন্দরনগরীর হোটেল আগ্রাবাদের ইছামতী হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪-এর জুলাই অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চট্টগ্রামের পর পর্যায়ক্রমে বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হবে।
ডেইলি স্টারের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ তাৎপর্য আছে। কারণ, কয়েক মাস আগেই গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় ডেইলি স্টার কার্যালয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
একদল উগ্রপন্থী ভবনে আগুন ধরিয়ে দেয়। এসময় সাংবাদিক-কর্মীসহ অন্তত ২৮ জন ভেতরে আটকা পড়েন। ৪ ঘণ্টার বেশি সময় প্রাণঝুঁকিতে থাকার পর তাদের উদ্ধার করা হয়।
বিভাগীয় আয়োজনে ঢাকা কার্যালয়ে হামলার ঘটনার ওপর তথ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি স্থিরচিত্র প্রদর্শনীও করা হচ্ছে।
চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হন।