জামায়াতের এমপি গাজী নজরুলের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। গত সোমবার রাত থেকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়াতে থাকে।
এ ঘটনায় আজ মঙ্গলবার এক লিখিত বিবৃতি দিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যকে 'মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে দাবি করেছেন তিনি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে একটি কক্ষে এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে, তিনি তার দ্বিতীয় স্ত্রী। গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে হয়।
বিবৃতিতে ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, গত ১৩ জুলাই তিনি দুই স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে যান। সেখানে অবস্থানকালে তার গাড়িচালক এবং দ্বিতীয় স্ত্রীর মামা বাইরে থেকে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন। তারা সেখানে তাকে জিম্মি করে এক লাখ টাকা আদায় করেন এবং পরে আরও কয়েক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে নানা ধরনের হুমকি দেওয়া হয়।
গাজী নজরুল ইসলাম অভিযোগ করেন, দ্বিতীয় স্ত্রীর মামা তাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন এবং তা ফেসবুকে ছড়িয়ে দেন।
বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি দাবি করেন, তাদের বৈধ বৈবাহিক সম্পর্ককে একটি রাজনৈতিক মহল হেয় করার জন্য বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করছে।
তবে, দ্বিতীয় স্ত্রীর মামা কেন তাকে জিম্মি করে টাকা দাবি করেছেন, সে ব্যাপারে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। দ্য ডেইলি স্টারের পক্ষ থেকেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজিজুর রহমান দাবি করেন, গাজী নজরুল ইসলাম প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেছেন। তাদের ধারণা, ভিডিওটি ঢাকার একটি বাসার সিসিটিভি ফুটেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে।