আরও ২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

স্টার অনলাইন রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

আজ রোববার আইভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা দুটি পৃথক আবেদনের বিষয়ে ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আইভীর বিরুদ্ধে দায়ের করা অন্য ১০টি মামলায় জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই।

আদালতে আজ আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান ও আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

এর আগে, গত ৩০ এপ্রিল দুটি পৃথক হত্যা মামলায় আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট এবং কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, সে বিষয়ে সরকারের ব্যাখ্যা চেয়ে রুল জারি করেন।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সেলিম মন্ডল ও আবদুস সালামকে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করা হয়েছিল।

গত বছরের ৯ মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। 
পরে তাকে আরও নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের ৯ নভেম্বর এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পৃথক জামিন আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আইভীকে ১০টি মামলাতেই জামিন দিয়েছিলেন।