মির্জা আব্বাসকে সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তিনি অসুস্থ হয়ে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে জানান, উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
তিনি বলেন, গতকাল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসকের কাছ থেকে মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি তার পরিবারের সঙ্গেও কথা বলেছেন।
তিনি আরও বলেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার যাবতীয় ব্যবস্থা করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে, বুধবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন ইফতারের পর পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।