বিল আসতে দেরি, নির্বাহী বিভাগকে সতর্ক করলেন ডেপুটি স্পিকার

স্টার অনলাইন রিপোর্ট

মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে বিল পাঠাতে দেরি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

তিনি বলেছেন, এই দেরির কারণে সংসদীয় কমিটিতে পাঠানোর আগে সংসদ সদস্যরা বিল পর্যালোচনার পর্যাপ্ত সময় পাচ্ছেন না।

আজ বৃহস্পতিবার ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল ২০২৬’ উত্থাপনের পর সংসদীয় আলোচনায় ডেপুটি স্পিকার এ কথা বলেন।

বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাকে উদ্দেশ্য করে ডেপুটি স্পিকার বলেন, বেশ কয়েকজন সদস্য তার দৃষ্টি আকর্ষণ করে বিলম্বের বিষয়টি জানিয়েছেন।

'এটি সংসদ, অথচ বারবার আমাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করতে হচ্ছে এবং বিধি ৭৭ প্রয়োগ (সময় মাফ) করতে হচ্ছে। আপনি বলেছেন সব সদস্য বিলটি পেয়েছেন, কিন্তু সবাই এটি পাননি,' স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন তিনি।

কায়সার কামাল উল্লেখ করেন, ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল’ গত ১০ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল।

তিনি বলেন, 'ওই বিলটি অনেক আগেই সংসদে আসতে পারত। সংসদ সদস্যরা এটি পর্যালোচনা করতে পারতেন, কিন্তু তা আসেনি। বিষয়টি উদ্বেগের।'

ডেপুটি স্পিকার আরও বলেন, 'মন্ত্রিসভায় অনুমোদনের পর একটি বিল যত দ্রুত সম্ভব সংসদে পাঠানো উচিত যেন সব সদস্য এটি পর্যালোচনা করতে পারেন। এক্ষেত্রে আমরা কিছু বিচ্যুতি দেখতে পাচ্ছি। আমরা খুবই হতাশ।'

তিনি বলেন, ‘পরবর্তী সময়ে আপনারা নির্বাহী বিভাগ সতর্ক থাকবেন। যেন যথাসময়ে আইনটা সংসদে আসে, ৩৪৯ জন মাননীয় সংসদ সদস্যদের হাতে পৌঁছায়।’

সব সংসদ সদস্যের কাছে পৌঁছানোর আগেই যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে বিল পাঠানোর চর্চারও সমালোচনা করেন কায়সার কামাল।

'আপনারা পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে বিল পাঠান। তারপর বলেন এটি পরীক্ষার জন্য কমিটিতে যাচ্ছে। কিন্তু এটি তো ৩৪৯ জন সদস্যের কাছে পৌঁছাচ্ছে না, মাত্র ১০ বা ১৫ জন সদস্য এটি পাচ্ছেন,' বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, 'আমি আহ্বান জানাই যেন বিলগুলো সময়মতো সংসদে আনা হয়, কারণ এটিই আইনসভা।'