বরিশালে বাড়ির সামনে বিস্ফোরণে একই পরিবারের আহত ৩

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাড়ির সামনে বিস্ফোরণে দুই নারীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাস্থলে থাকা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, কী ধরনের বিস্ফোরক থেকে এ বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ভরপাশা ইউনিয়নের দুধাল মৌ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—হানুফা বেগম (৫৫), তার মেয়ে ইতি (১৯) ও হানুফার নাতি ফাহিম (১৪)।

পরিবারের সদস্য জামাল হাওলাদার জানান, অসুস্থ থাকায় হাঁটতে কষ্ট হচ্ছিল ফাহিমের। তাই হানুফা বেগম ও ইতি ফাহিমকে ধরে কোচিংয়ে নিয়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, ‘আমাদের বাড়ির সামনে কয়েকটি বালুর বস্তা রাখা ছিল। সেগুলোর কাছে হোঁচট খাওয়ার পর একটি বস্তা থেকে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, বস্তাটি আগে থেকেই সেখানে রাখা ছিল।’

প্রতিবেশীরা জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তারা ঘরের পেছনে ধোঁয়া ও আগুন দেখতে পান। আহতদের শরীরেও আগুন জ্বলছিল। আগুন থেকে বাঁচতে তারা পাশের তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

জামাল আরও জানান, প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের সার্জারি বিভাগের নার্স লিংকন দত্ত বলেন, ‘চিকিৎসা প্রতিবেদনে দেখা গেছে, তাদের মুখ, বুক ও হাতে দগ্ধের ক্ষত রয়েছে।’

সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. আলমগীর হোসেন বলেন, ‘ছেলেটির (ফাহিম) শরীরের প্রায় ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। অন্য দুজনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। এগুলো বড় ধরনের বার্ন ইনজুরি নয়। তবে রাসায়নিক নাকি অন্য কোনো কারণে দগ্ধ হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত এগুলো তাপজনিত দগ্ধ বলেই মনে হচ্ছে।’

পরে উন্নত চিকিৎসার জন্য রাতে অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান জামাল। 

ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে।

বরিশালের পুলিশ সুপার (এসপি) এজেডএম মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানিয়েছি। রাত ৯টার দিকে তারা পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। 

‘বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরীক্ষা করে আলামত সংগ্রহ না করা পর্যন্ত বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়,’ যোগ করেন এসপি।

ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন।

তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিস্ফোরণের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি চলমান তদন্তের অংশ হিসেবে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরীক্ষা করবে।’

নোট: সবশেষ তথ্য যুক্ত করে রাত ৮টা ৩০ মিনিটে প্রতিবেদনটি আপডেট করা হয়েছে।