জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
আজ রোববার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বানও জানান বিএনপির মহাসচিব।
মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে, তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার।
তিনি আরও বলেন, আন্দোলন অনেক হয়েছে। এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা ব্যবস্থা চালু করা প্রয়োজন, যাতে আর সহিংসতার পথে যেতে না হয়৷
সবকিছুতে বিরোধিতার মানসিকতা থেকে বিরোধী দলকে বেরিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদি বিরাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ থেকে বেরিয়ে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন। এত স্বল্প সময়ে ১৬ বছরের অপকর্ম থেকে জাতিকে শোধরানো সম্ভব নয়।