গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার: উপদেষ্টা জাহেদ উর রহমান

স্টার অনলাইন রিপোর্ট

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, এই সরকার গণঅভ্যুত্থানকে ধারণ করে। সরকার গণঅভ্যুত্থানের স্পিরিট মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায়।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মূল কর্মসূচিগুলো সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। পরে ব্রিফিংয়ে সেগুলো জানানো হবে।

তিনি জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ জুলাই সকালে রায়েরবাজারে জুলাই শহীদদের কবরের পাশে দোয়া মোনাজাত ও ফাতেহা পাঠ হবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও ক্রোড়পত্র প্রকাশ হবে।

উপদেষ্টা জানান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ‘রেজিস্ট্যান্স ডে’ উদযাপন করা হবে। এর সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের ‘রেজিস্ট্যান্স ডে’ উদযাপন এবং ৫ আগস্টে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারগুলোর সংবর্ধনা আয়োজন করা হবে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ১৫ তারিখ। ওইদিন ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলে পড়েছিল স্টুডেন্টদের ওপরে এবং অনেক নারী শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তারপর ১৬ তারিখ আবু সাঈদ শহীদ হন।

জাহেদ উর রহমান বলেন, গণঅভ্যুত্থানে বিএনপির একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আছে। বর্তমান প্রধানমন্ত্রী শুরু থেকেই এর সঙ্গে জড়িত ছিলেন।

তিনি বলেন, যথাযোগ্য মর্যাদা দিয়ে এটাকে পালন করা হবে। শুধু পালন না, আমরা যে কথাটা রিপিট করার চেষ্টা করছি, গণঅভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, সেই স্পিরিট আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই।