জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে, ওই বৃদ্ধ বাংলাদেশের নাগরিক।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৮২–সংলগ্ন শূন্যরেখা এলাকা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে তাকে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির নাম ষষ্টি চন্দ্র বর্মণ। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁদলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার স্বজনেরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে।

এর আগে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে কামালপুর সীমান্তে উত্তেজনা দেখা দেয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, ‘বৃদ্ধকে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান। আনুষ্ঠানিকতা শেষে তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হবে।’

বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়ার আগে ওই বৃদ্ধ প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় আটকে ছিলেন।