মাকে ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে কারাগারে

সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগে করা মামলায় ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, মা শেপালী বেগমকে ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় খারাপ আচরণ করার অভিযোগ ছিল ছেলের বিরুদ্ধে। গত ২ জুন দুপুরে মাকে মারধর করে গুরুতর আহত করেন আবু ইউছুফ। এ ঘটনায় শেপালীর মেয়ে গতকাল সোমবার পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৫ ধারায় মামলা করেন।

গতকাল পুলিশ অভিযুক্ত আবু ইউছুফকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি মীর মাহবুবুর রহমানবলেন, পিতা-মাতার ভরণপোষণ আইনে এটি একটি শিক্ষণীয় মামলা। সন্তানের দায়িত্ব বাবা-মার দেখাশোনা করা। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।