পঞ্চগড়-ঠাকুরগাঁও সীমান্তে পুশ-ইন চেষ্টার পর বাতি নিভিয়ে ২১ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
পুশ-ইনের চেষ্টায় বিফল হয়ে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্ত এবং ঠাকুরগাঁওয়ের হরিপুরে মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) আটকে থাকা নারী-শিশুসহ ২১ জনকে সীমান্ত বাতি নিভিয়ে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে সীমান্ত নিরাপত্তা বাতি নিভিয়ে পঞ্চগড় সীমান্তে থাকা ১০ জনকে বিএসএফ তাদের ভূখণ্ডের দিকে সরিয়ে নেয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্ত দিয়ে পাঁচ পুরুষ, দুই নারী ও তিন শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করে বিএসএফ।
তবে বিজিবির কঠোর নজরদারির কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
এরপর থেকে রোদ-বজ্রবৃষ্টির মধ্যেই তারা শূন্যরেখায় একটি ফসলি জমির সরু পথে অবস্থান করছিলেন। পরে তাদের ফিরিয়ে নেওয়া হলো।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার ও কোম্পানি কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠকেও কোনো সুরাহা হয়নি।
এদিকে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্ত বাতি নিভিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখার কাছাকাছি ভারতের অংশে নারী-শিশুসহ আরও ১১ জনকে সরিয়ে নেওয়া হয়।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের ওই সীমান্ত দিয়ে তিন পুরুষ, চার নারী ও চার শিশুকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছিল বিএসএফ।
পরিচয় নিশ্চিত না হওয়া ও আনুষ্ঠানিক প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করায় তাদেরও বাংলাদেশে প্রবেশে বাধা দেয় বিজিবি। তাদেরকেও ফিরিয়ে নিলো বিএসএফ।

