মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন।

উপজেলার তালতলা এলাকায় গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) ও কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।  

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাকিব ও মেহেদী রাজগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তালতলা এলাকায় সামনে থাকা একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি মাসুম খান বলেন, মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।