সীমান্ত দিয়ে লোক ঠেলে দেওয়ার চেষ্টা বিএসএফের, সতর্ক বিজিবি

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই চেষ্টা রুখে দিতে সতর্ক অবস্থানে আছে বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসএফ অবৈধভাবে যেন কাউকে জোর করে বাংলাদেশে ঠেলে দিতে না পারে সে জন্য সাতক্ষীরা সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে। রাতেও সতর্ক অবস্থানে থাকছেন বাহিনীর সদস্যরা। সচেতনতা বাড়াতে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ‘বিএসএফ অবৈধভাবে লোকজনকে ঠেলে দেওয়ার চেষ্টা করায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজিবির সদস্যরা কঠোর নজরদারি চালাচ্ছেন। গভীর রাতেও আমাদের টহল অব্যাহত আছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত আছে।’

তিনি আরও জানান, বিজিবির কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত কাউকে জোর করে সীমানা পার করাতে পারেনি বিএসএফ।

স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার হাকিমপুর সীমান্ত এলাকায় শতাধিক লোক জড়ো করা হয়েছে। ভারতীয় পুলিশের মাধ্যমে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর প্রস্তুতি চলছে।