লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়। এতে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সার্বিক সহযোগিতা প্রদান করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত আসা বাংলাদেশিদের একটি বড় অংশই সমুদ্রপথে অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই স্থানীয় অপরাধী চক্রের হাতে অপহরণ ও অমানুষিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।
আজ সকালে বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফিরে আসা বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়েছে, তারা যেন মানবপাচারের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে তাদের এই ভয়াবহ অভিজ্ঞতা সবাইকে জানান, যাতে আর কেউ এমন ঝুঁকিপূর্ণ পথে পা না বাড়ায়।
এদিকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে বাড়ি ফেরার পথখরচা, জরুরি খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের সুবিধা প্রদান করা হয়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে (আটক কেন্দ্র) আটকে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।