সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: প্রতিমন্ত্রী শাহে আলম
চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ মঙ্গলবার বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এ পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে, যেগুলোর জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ প্রয়োজন।
তিনি আরও জানান, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।
মীর শাহে আলম বলেন, নির্বাচন আয়োজনের আর্থিক পরিকল্পনা নিয়ে কাজ চলছে। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল পরিমাণ ফান্ডের প্রয়োজন হয়। এই প্রয়োজনীয় বরাদ্দ আগামী জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, নির্বাচন আয়োজনের বিস্তারিত ব্যয় নির্ধারণের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠানো হয়েছে।
তিনি অনুমান করে বলেন, শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতেই প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকা খরচ হতে পারে।
তিনি জানান, বাজেট পাস হওয়ার পর এবং নতুন অর্থবছর শুরু হলে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে পরবর্তী আলোচনায় বসবে।