হাইকোর্টের রুল

ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ নয়

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।

ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬-এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শোয়েবুজ্জামান এই রিটটি দায়ের করেন। ওই নীতিমালায় সিটি করপোরেশনগুলোকে রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

রুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। তাদের আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবী মো. রোকনুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬-এর আওতায় দুই সপ্তাহ আগে ঢাকার দুটি সিটি করপোরেশন রাস্তা ও ফুটপাতে প্রায় ২০০ হকারকে জায়গা বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে।

তিনি আরও উল্লেখ করেন, এই নীতিমালার মাধ্যমে হকারদের ফুটপাত ও রাস্তা বরাদ্দ দেওয়ার ফলে সাধারণ মানুষের অবাধে চলাচলের সাংবিধানিক অধিকার চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।