ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মীর কালাম মারা গেছেন। গতকাল এই দুর্ঘটনায় একই পরিবারের মোট পাঁচজন দগ্ধ হয়েছিলেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কালাম মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
তিনি জানান, কালামের শ্বাসনালিসহ শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। কালামের স্ত্রী সায়মা ৬০ শতাংশ, মুন্না ৩০ শতাংশ, কথা ৫২ শতাংশ ও মুন্নি ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
গতকাল রোববার সকালে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে গ্যাস বিস্ফোরণে সবজিবিক্রেতা মীর কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), তাদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭) দগ্ধ হন।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭টার দিকে সেই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতর আগুন জ্বলছে।
তখন ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার বালুকদিয়ে গ্রামে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন গতকাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের পশ্চিম পাশের রুমের সঙ্গে থাকা রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ ছিল। এতে বদ্ধ ঘরে গ্যাস জমে যায়। পরে ভাড়াটিয়া লাইটার জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে।