বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন
বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একইসঙ্গে পাঁচটি নতুন উপজেলা গঠনে অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির’ (নিকার) ১২০তম বৈঠক এ অনুমোদন দেওয়া হয়।
নতুন উপজেলাগুলো হলো—বগুড়ায় ‘মোকামতলা’, কক্সবাজারে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরে ‘চন্দ্রগঞ্জ’।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে মোকামতলা উপজেলা গঠন করা হবে। আর কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে মাতামুহুরী উপজেলা করা হবে।
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলাকে বিভক্ত করে রুহিয়া ও ভুল্লি উপজেলা গঠন করা হবে। এছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলাকেও ভাগ করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ও স্থানীয় পর্যায়ে সরকারি কাজ সহজ করার লক্ষ্যে নতুন প্রশাসনিক ইউনিটগুলো অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, পৃথক এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার কার্যালয়ে হাওর অঞ্চলে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
তিনি বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকেরা যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।
সূত্র জানায়, হাওর এলাকায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা চূড়ান্ত করা হবে।