ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

বৈদেশিক বিনিয়োগ থেকে বেশি সুবিধা পেতে আমাদেরও উদার হতে হবে: নৌপরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের দেওয়া প্রস্তাবগুলোর বিভিন্ন দিক গভীরভাবে পর্যালোচনা করছে সরকার। দেশ ও জনগণের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

‘আমাদেরও কিছু ক্ষেত্রে আরও উদার হতে হবে ও বড় সুযোগ কাজে লাগানোর মানসিকতা তৈরি করতে হবে,’ বলেন তিনি।

এছাড়া, বন্দর ব্যবহারের সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের পাশাপাশি দক্ষতা ও সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন নৌপরিবহনমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমরা একটি প্রতিযোগিতামূলক বিশ্বে আছি। আমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বৈদেশিক বিনিয়োগকারীদের অধিকারও বিবেচনায় নিতে হবে।’

ভিয়েতনাম, শ্রীলঙ্কা ও ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, ‘এসব দেশ বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা দিচ্ছে ও এর বিনিময়ে নিজেরাও উপকৃত হচ্ছে।’

নিজস্ব অর্থায়নে নির্মাণ ও আধুনিকায়ন করা হয় নিউ মুরিং টার্মিনালের। এ জন্য নতুন কোনো বিনিয়োগের সুযোগ তেমন নেই। এরপরও কেন ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এসব বিষয় বিবেচনায় রেখে সরকার সিদ্ধান্ত নেবে। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

উন্মুক্ত দরপত্রের বিষয়ে রবিউল আলম বলেন, ‘চলমান সরকার-টু-সরকার (জি-টু-জি) প্রক্রিয়া দেশের স্বার্থ রক্ষা না করলে সরকার উন্মুক্ত দরপত্রের পথে যেতে পারে।’