ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে প্রাইভেটকার
নারায়ণগঞ্জে ফেরিতে ওঠার সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে।
আজ বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফেরিতে ওঠার আগে প্রাইভেটকার মালিক ঘাটে নেমে যান। পরে চালক গাড়িটি ফেরিতে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। স্থানীয় নৌকার মাঝিদের সহযোগিতায় চালক তীরে ওঠেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে।
গাড়িচালক জাকির হোসেন ডেইলি স্টারকে বলেন, গাড়ির ব্রেকের সমস্যার কারণে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই। গাড়ির মালিক একটি পোশাক কারখানার চেয়ারম্যান নূর মোহাম্মদ রুদ্র।